চট্টগ্রাম উপ–অঞ্চলের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়ার অধীন কাবাডি বালক বিভাগে কক্সবাজার জেলার কুতুবদিয়া মডেল হাই স্কুল ও বালিকা বিভাগে খাগড়াছড়ির ৯ মাইল ত্রিপুরা পাড়া স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাবাডি বালক বিভাগের ফাইনালে কুতুবদিয়া মডেল স্কুল ২৩–২১ পয়েন্টের ব্যবধানে রাঙামাটি জেলার ভুবনজয় সরকারি স্কুলকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধে রাঙামাটির ছেলেরা অগ্রগামী ছিল। কিন্তু পরবর্তীতে কৌশলের অভাবে তাদের পরাজয় নিশ্চিত হয়। একই ভেন্যুতে অনুষ্ঠিত কাবাডি বালিকা বিভাগের ফাইনালে ৯ মাইল ত্রিপুরা পাড়া স্কুল ১৯–১২ পয়েন্টের ব্যবধানে ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়কে হারিয়ে দেয়। ফাইনাল খেলা শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ–পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আখতার। বিদ্যালয়ের সিনিয়র ক্রীড়া শিক্ষক কাজল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অজন্তা বড়ুয়া, সরকারি মুসলিম হাই স্কুলের সিনিয়র শিক্ষক আজিজুল হক, বাকলিয়া সরকারি স্কুলের ক্রীড়া শিক্ষক সঞ্জয় বড়ুয়া, শাহ ওয়ালীউল্লাহ স্কুলের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুলের ক্রীড়া শিক্ষক সৈয়দ মামুনুল ইসলাম ও দারুল উলুম কামিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আইরিন পারভীন, মিউনিসিপ্যাল মডেল স্কুলের ক্রীড়া শিক্ষক নয়ন সুশীল প্রমুখ। ফাইনাল খেলা পরিচালনা করেন আবদুল হামিদ সওদাগর স্কুলের ক্রীড়া শিক্ষক আবদুল মাবুদ ও আলকরণ নূর আহমদ স্কুলের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।













