মীরসরাইয়ে সামছুননাহার ঝর্ণা (৩০) নামে এক গৃহবধূকে ‘জবাই করে হত্যার চেষ্টা’ করা হয়েছে। গত রোববার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা ওই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় রোববার সকালে আলাউদ্দিন মিঠাছরা বাজারে অবস্থিত তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যায়। সকাল ১০টা নাগাদ তার স্ত্রীকে মুখোশ পরিহিত অজ্ঞাত এক যুবক ঘরের মধ্যে জবাই করে হত্যার চেষ্টা করে। এ সময় তার শোর চিৎকারে যুবক পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হত্যা চেষ্টার ঘটনা ডাকাতি কিংবা পূর্ব শত্রুতার জেরে হয়েছে কিনা সেটা বলা যাচ্ছে না।
সামছুননাহার ঝর্ণার স্বামী মো. আলাউদ্দিন বলেন, আমার সাথে কারো পূর্ব শত্রুতা নেই। আমি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে হয়তো ডাকাতির উদ্দেশ্যে আমার স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, গৃহবধূকে হত্যা চেষ্টার খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতির জন্য হয়েছে বলে মনে হয়নি। ঘরের মধ্যে সকল আসবাবপত্র পরিপাটি অবস্থায় ছিলো। পূর্বশত্রুতাবশত কিংবা অন্য কোনো ঘটনায় এমন নৃশংস ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত চলছে। ওই গৃহবধূ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে পুরো ঘটনা জানা যাবে।











