গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির (GMCS) উদ্যোগে বর্ণাঢ্য অভিষেক ও মেজবান অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি জিএমবিএ হলে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীর ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি কারী সোলাইমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। জাহেদুল করিম সাহা ও জাভেদ উদ্দিনের সঞ্চালনায় এবং মহিউদ্দীন হোসেনের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে সাবেক সেক্রেটারি ইব্রাহীম সমিতির পূর্ববর্তী কর্মকাণ্ড তুলে ধরেন। এছাড়াও উপস্থাপকদের শুভেচ্ছা বক্তব্য, চট্টগ্রাম জেলার ঐতিহ্য ও ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত পরিচিতি এবং সমিতির সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার জুবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমবিএ–র চেয়ারম্যান মান্নান খান।
নির্বাচন কমিশনের লোকমান চৌধুরীর তত্ত্বাবধানে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ খায়রুজ্জামান ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং কমিউনিটির উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত সেক্রেটারি মনির হোসেন রিপন সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এতে আরও বক্তব্য রাখেন পাকিস্তান কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি, স্থানীয় কাউন্সিলর এবং যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যবৃন্দ। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
কমিউনিটিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া লিভারপুল ও বার্মিংহাম চট্টগ্রাম সমিতিকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ঐক্য ও নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমিতির নেতৃবৃন্দ জানান, প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। তারা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।











