কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে গত সোমবার নিখোঁজ পর্যটকের সন্ধান এখনও মেলেনি।
সোমবার বেলা দুইটার দিকে শহরের কলাতলী সৈকত থেকে স্রোতের টানে হারিয়ে যান মারুফ (১৮) নামের গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী। গতকাল দিনভর সাগর উপকূলের বিভিন্নস্থানে তার খোঁজে অনুসন্ধান চালানো হয়।
নিখোঁজ কলেজ শিক্ষার্থী গাজীপুরের কাপাসিয়া ফুলবাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে। এ ঘটনায় শাওন নামের আরেক কলেজ শিক্ষার্থীকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বিচকর্মী মাহবুব আলম জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে জেলা প্রশাসনের বিচকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই সোনাদিয়া দ্বীপ ও শহরের নাজিরারটেকসহ আশেপাশে সরেজমিনে খোঁজ নিয়েছে। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। উপকূলের কোথাও লাশের সন্ধান পেলে সংশ্লিষ্টদের জানানোর জন্য মৎস্যজীবীসহ স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে।










