জনপ্রিয় সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী গুরুতর অসুস্থ! সমপ্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে এমন খবর। দাবি করা হচ্ছে, দীর্ঘদিন ধরে গলার ভয়ংকর অসুখে ভুগছেন গায়িকা। তবে এসব খবরকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন জয়তী নিজেই। খবর বাংলানিউজের। নিজের শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো গুজবের প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন তিনি। সমপ্রতি ফেসবুক লাইভে এসে নিজের স্বাস্থ্য নিয়ে ভুয়া খবর প্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জয়তী চক্রবর্তী। তিনি বলেন, গত দুই মাস ধরে বিষয়টি তার নজরে এসেছে। ইউটিউবে একাধিক ভিডিওতে দাবি করা হচ্ছে, তিনি দুই বছর ধরে গলার ভয়ংকর অসুখে ভুগেছেন। অথচ এমন কোনো অসুখ তার হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন শিল্পী।












