কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে অভিনেত্রীদের ডিপফেক ভিডিও ঘিরে তৈরি হচ্ছে নানা বিতর্ক। এবার এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। খবর বাংলানিউজের। সমপ্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেজ হ্যাক করে ভিডিওগুলো পোস্ট করা হয়েছিল। ঘটনায় দুঃখ প্রকাশও করে তারা। তবে চ্যানেলটির দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন পরীমণি। তার দাবি, ভিডিওটি অনেক আগে থেকেই অনলাইনে ছিল। কিন্তু টেলিভিশন চ্যানেলটির পেজের মাধ্যমে সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে তাকে নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করেন অভিনেত্রী। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে টেলিভিশন চ্যানেলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন চিত্রনায়িকা। স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘ডিয়ার … টেলিভিশন, আপনাদের জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।












