কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি খাল থেকে বোরকা পরিহিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে ক্যাম্প–২০ (বর্ধিত) এলাকার একটি খালের অগভীর পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) খবর দেয়। পরে ১৪ এপিবিএনের আওতাধীন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নারী রোহিঙ্গাদের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
এপিবিএনের ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আবু হানিফা জানান, ছবি দেখে নিহতের পরিচয় শনাক্ত করেছেন স্থানীয় মাঝিরা। নিহত নারীর নাম মরজান (৩৩)। তিনি ১৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকের বাসিন্দা হাসেম উল্লাহর স্ত্রী। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি থানায় নেওয়া হয়। ওই নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।














