চন্দনাইশ খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গত ২ সেপ্টেম্বর স্কুলের ওয়াহেদ মাস্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষার সার্বিক মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। তিনি বলেন, আসন্ন এসএসসি পরীক্ষায় যোগ্য বিবেচিত হওয়ার জন্য শিক্ষার্থীদের শতভাগ বিদ্যালয়ে শ্রেণী পাঠদানে অংশগ্রহণ করে নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ হতে হবে। শিক্ষার সার্বিক মানোন্নয়নে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির আহবান জানান তিনি। তিনি বলেন,নিয়মিত শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি নিশ্চিতকরণে অভিভাবকদের আরো আন্তরিক হতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় ও এডহক কমিটির সদস্য আরিফুর রহমান। শিক্ষক বিকাশ চন্দ্র দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুজিত মিত্র, প্রণব কুমার নাথ, প্রিয় পাল, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম প্রমুখ। শতভাগ উপস্থিতির জন্য শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন করা হয়। বক্তারা বলেন, এই বছরের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিদ্যালয়টি এবং এসএসসি ফলাফলে উপজেলায় তৃতীয় স্থান অর্জন করেছে। এসব অর্জন সম্ভব হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পরিশ্রমে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য যেকোন ধরণের সহযোগিতা নিশ্চিত করতে ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে।












