খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল (ধর্মঘর) এলাকায় আগুনে ওষুধের এক গোডাউনসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ওষুধ, সার–কীটনাশক, আসবাবপত্র, মুদি ও চায়ের দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোররাতে হঠাৎ দোকান শেডে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের পক্ষে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনে পাঁচটি দোকানের মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ওষুধ ব্যবসায়ী আতুসে মারমার গোডাউন ও দোকান পুড়ে গেছে। তার দোকানে থাকা বিপুল পরিমাণ ওষুধসহ অন্যান্য মালামাল আগুনে নষ্ট হয়েছে। একই সঙ্গে পাশের দোকানগুলোর সার–কীটনাশক, আসবাবপত্র ও অন্যান্য পণ্যও পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আতুসে মারমা বলেন, ভোররাতে আগুন লাগায় তারা দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। ফলে আগুন ছড়িয়ে পড়ার পর দোকানের অধিকাংশ মালামালই পুড়ে যায়। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার দোকানে প্রায় ৩০ লাখ টাকার ওষুধ ছিল।
লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিক আহাম্মদ বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।











