ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট তানজিদের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ জয়ের পথে চমৎকার ব্যাটিংয়ে ভূমিকা রেখে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিদ হাসান। টানা দুই ফিফটিতে টিটোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের ওপেনার। অগ্রগতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার ঘোষণা করেছে আইসিসি। টিটোয়েন্টি বোলারদের মধ্যে এগিয়েছে রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারা বাংলাদেশের টিটোয়েন্টি সিরিজের শুরুটাও হয় হার দিয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২১ ব্যবধানে জেতে তারা। যার পেছনে বড় অবদান ছিল তানজিদের। গত শুক্রবার দ্বিতীয় টিটোয়েন্টিতে ৫৮ রানের ইনিংস খেলেন তানজিদ। ম্যাচটি ৩৪ রানে জেতে বাংলাদেশ। এরপর রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে রান তাড়ায় ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪ উইকেটে জয়ে ম্যাচের সেরা হন বাঁহাতি ব্যাটসম্যান। সিরিজ সেরার পুরস্কারও ওঠে তারই হাতে। এই পারফরম্যান্সে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে আছেন তানজিদ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখন তিনিই সবার উপরে। তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ১৭তম, ২০২৫ সালের অক্টোবরে উঠেছিলেন তিনি। তবে রেটিং পয়েন্টে নিজেকে ছাড়িয়ে গেছেন তানজিদ। তার রেটিং এখন ৬৪৯। আগের সেরা ছিল ৬৩৬। আর দ্বিতীয় ম্যাচে ৫৫ রান করে সাইফের উন্নতি ৯ ধাপ, অবস্থান ২৭তম। টিটোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের আর কারো অগ্রগতি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধলিটল ব্রাদার্স ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর জয়
পরবর্তী নিবন্ধমেসিই বিশ্বকাপের সেরা খেলোয়াড়