চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে লিটল ব্রাদার্স ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে লিটল ব্রাদার্স ৬–১ গোলে আলোর ঠিকানাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সামিউর রহমান হ্যাট্রিকসহ ৪টি গোল করেন। এছাড়া আবদুল আজিজ চৌধুরী ও অন্তু দাশ ১টি করে গোল করেন। বিজিত দলের হয়ে আরিফুল ইসলাম ১টি গোল পরিশোধ করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ লিটল ব্রাদার্সের সামিউর রহমানের হাতে পুরস্কার তুলে দেন কাউন্সিলর হারুনুর রশীদ ও প্রবীন কুমার ঘোষ। একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী টাইব্রেকারে ৫–৪ গোলে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ০–০ গোলে ড্র ছিল। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ গোসাইলডাঙ্গার গোলরক্ষক ইকবাল হোসেনের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এ এস এম সাইফুদ্দিন আহামেদ ও এম ডি নুরুল আবছার। গতকালের খেলা শেষে ‘বি’ গ্রুপ থেকে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী গ্রুপ চ্যাম্পিয়ন ও আলোর ঠিকানা গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে। গোসাইলডাঙ্গা ও আলোর ঠিকানা ৩ খেলায় ২টি জয়,১টিতে পরাজয় বরণ করে। গোল সংখ্যায় এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এর আগে ‘এ’ গ্রুপ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং কল্লোল সংঘ গ্রীণ যথাক্রমে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৩ খেলার ৩টিতে জয়লাভ করে। অন্যদিকে কল্লোল সংঘ গ্রীণ ৩ খেলার ২টিতে জয় এবং ১টিতে পরাজিত হয়। কাল ২৪ জুলাই শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা বেলা ২:১৫টায় ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ বনাম “বি” গ্রুপ রানার্সআপ আলোর ঠিকানা এবং দ্বিতীয় খেলা বিকেল ৪টায় ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী বনাম ‘এ’ গ্রুপ রানার্সআপ কল্লোল সংঘ গ্রীণের মধ্যে অনুষ্ঠিত হবে।












