আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। দুপুর ১টায় শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম পি। বিশেষ অতিথি থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এম পি সহ চট্টগ্রামের সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ। দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হবে। উদ্বোধনী দিনে দুপুর ১.৩০ টায় দুর্বার সংঘ বনাম চট্টগ্রাম ১১ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা মোশাররফ হোসেন দিপ্তী উদ্বোধনী অনুষ্ঠান ও খেলায় উপস্থিত থাকার জন্য ক্রীড়ামোদী দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।










