সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেছেন, ব্যবসার নামে লোক ঠকানো বন্ধ করতে হবে। ওজনে কম দেয়া, জেলিযুক্ত চিংড়ি বিক্রি, অক্সিজেনসহ নানা রকম কেমিক্যাল মিশিয়ে মাছকে দীর্ঘক্ষণ জীবিত রাখা, গরুর কলিজায় আলাদাভাবে রক্ত প্রবেশ করানো এবং বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা দেখানো মারাত্মক অপরাধ। এগুলো ধর্মীয়ভাবে যেমন পাপ তেমনি প্রচলিত আইনেও শাস্তিযোগ্য অপরাধ। আগামীতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
তিনি গতকাল সাতকানিয়ার কেরানীহাট কাঁচা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও কাঁচা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ওসমান গনির সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওচমান আলী, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সুকান্ত বিকাশ ধর, কেরানীহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মনজুর আলম প্রমুখ।













