মানুষ জিম্মি করে টাকা আদায় করে অপহরণকারী চক্র। কিন্তু এবার ভিন্ন কৌশলে সিএনজিচালিত টেক্সি আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। গত ২ এপ্রিল কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া প্রধান সড়ক এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর দিন এ বিষয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কুতুবদিয়া পাড়ার মোহাম্মদ করিমের স্ত্রী টেক্সি মালিক রেহেনা বেগম।
তিনি অভিযোগ করে বলেন, কুতুবদিয়া পাড়ার আব্দুর রহিমের দুই ছেলে আবছার (২৭) ও কফিল উদ্দিন (৩২), একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে হোছন আহমদ (৩০), হ্নীলা ইউনিয়নের পানখালী গ্রামের মনির আহমদের ছেলে জয়নালসহ (৩২) আরো ২/৩ জন ২ এপ্রিল সন্ধ্যায় কুতুবদিয়া পাড়া এলাকায় আমার ছেলের চালিত টেক্সিটির গতিরোধ করে কানজর পাড়া যাওয়ার জন্য বলে। ছেলে যেতে অনিহা প্রকাশ করলে তারা ভয়ভীতি দেখিয়ে কানজর পাড়া এলাকায় যায়। এরপর তারা জোরপূর্বক গাড়ি ও চাবি কেড়ে নিয়ে ছেলেকে ছেড়ে দেয়। টেক্সিটি উদ্ধার করার জন্য তাদের সাথে যোগাযোগ করলে তারা আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম জানান, ঘটনাটি নজরে আসার পর টেক্সিটি উদ্ধার ও জড়িতদের আটকের চেষ্টা চলছে।













