সাবেক অর্থসচিব ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। শিক্ষকদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। গতকাল বুধবার রাউজানের কদলপুর আইডিয়াল হাইস্কুলে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাংলানিউজের।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদলপুর আইডিয়াল হাইস্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ইউএই–এর পরিচালক ও আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সহ–সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম (সিআইপি), কদলপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নিজাম উদ্দীন চৌধুরী এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শাহজাদা ছৈয়দ মকছুদুল আলম।
বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী, কো–অর্ডিনেটর মিজানুর রহমান, সমাজসেবক হানিফ চৌধুরী মাসুম।
মুসলিম চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সঠিকভাবে কাজে লাগিয়ে পাঠদানকে আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকর করা সম্ভব।
তবে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।
ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, এআই’র কারণে শিক্ষকরা এখন নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষকদের দক্ষতা অজন করতে হবে। শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ, সৃজনশীল চিন্তা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।












