এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। গতকাল শনিবার নগরীর শহীদ ফয়সাল আহমেদ শান্ত মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
প্রধান অতিথি বলেন, দেশ ও জাতির জন্য মেধাবী, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব উপহার দিতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জিত মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর অর্থ সম্পাদক খালেদ সাইফুল্লাহ। বক্তারা শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। একই সঙ্গে উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সততা, নিষ্ঠা ও নৈতিক মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।










