আত্মশুদ্ধি, আল্লাহর প্রেম, নৈতিক উৎকর্ষ ও মানবকল্যাণের আদর্শকে সামনে রেখে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফে কাল ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (কঃ)-এর প্রথম ওরশ পালিত হবে।
সিলসিলাহ–ই–আলীয়াহ জাহাঁগীরিয়াহর এ পবিত্র কেন্দ্রের আধ্যাত্মিক ঐতিহ্যে তাসাউফের মূল অনুশীলন হিসেবে অন্তরের পরিশুদ্ধি, প্রবৃত্তির সংযম, নৈতিক চরিত্র গঠন এবং সৃষ্টির প্রতি মমত্ববোধকে গুরুত্ব দেওয়া হয়। এ দর্শনে বাহ্যিক ধর্মাচরণের পাশাপাশি মানুষের অন্তর্জগৎকে অহংকার, হিংসা, লোভ ও বিদ্বেষ থেকে মুক্ত করার সাধনাও বিশেষ তাৎপর্য বহন করে। বর্তমানে এ ধারার সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর ইমামুল আরেফীন সৈয়দ মৌলানা ড. মুহাম্মদ মকসুদুর রহমানের তত্ত্বাবধানে দরবারের ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওরশ উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, ফাতেহা, দোয়া মাহফিল এবং হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের (কঃ) জীবন ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। দরবার শরীফে নিয়মিত খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ ও সামা মাহফিলের আয়োজনও এ আধ্যাত্মিক চর্চার ধারাবাহিক অংশ। প্রেস বিজ্ঞপ্তি।












