কাল থেকে জেএম সেন হলে চার দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু

সংবাদ সম্মেলনে ১৫ দাবি উত্থাপন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আয়োজনে আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চারদিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উৎসব দেশব্যাপী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হবে। এ উপলক্ষে পরিষদের পক্ষ থেকে ঐতিহাসিক জেএম সেন হলে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ধর্মীয় ঐতিহ্যে বের করা হবে বর্ণাঢ্য জন্মাষ্টমী মহাশোভাযাত্রা। এতে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করবেন বাঁশখালী ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত মহারাজ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। মহাশোভাযাত্রার উদ্বোধন করবেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মহান অতিথি থাকবেন সংসদ সদস্য সাঈদ আল নোমান ও সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

এ উপলক্ষে গতকাল বুধবার নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী জেএমসেন হল প্রাঙ্গণে চারদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বর্ণাঢ্য মহাশোভাযাত্রা আন্দরকিল্লা চত্বর থেকে বের করা হবে। শোভাযাত্রা আন্দরকিল্লা থেকে শুরু হয়ে টেরিবাজার, লালদীঘি, কোতোয়ালী, নিউমার্কেট, তিনপোল, বোস ব্রাদার্স, ডিসি হিল, চেরাগী পাহাড় হয়ে জেএম সেন হলে এসে শেষ হবে। এরপর দুপুর ১টায় অনুষ্ঠিত হবে মাতৃসম্মেলন। এতে উদ্বোধক থাকবেন বৈকুণ্ঠ ধামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্বামী স্বরূপানন্দ শাস্ত্রী মহারাজ। প্রধান অতিথি থাকবেন চবি শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. অদিতি দত্ত। এদিন বিকাল ৫টায় ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিবল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৫৭ সেপ্টেম্বর চলবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন।

সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে সরকারের কাছেসংবিধানের আলোকে সকল ধর্মের মানুষের মতো হিন্দুদের নিরাপত্তা প্রদান, জাতিগত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশন গঠনসহ ১৫টি দাবি উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সিনিয়র সহসভাপতি লায়ন তপন কান্তি দাশ, সহসভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, সহসভাপতি চন্দন দাশ, সহসভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সহসভাপতি বিদ্যালাল শীল, মহাশোভাযাত্রা উপপরিষদের আহ্বায়ক বাবুল ঘোষ বাবুন, পরিষদের যুগ্ম সম্পাদক প্রকৌশলী সুভাষ গুহ, অর্থ সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, উত্তর জেলর সাধারণ সম্পাদক জুয়েল চক্রবর্তী, মহিলা সম্পাদিকা দীপ্তি দাশ, রাসেল চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফেরার স্বপ্ন অধরাই থেকে গেল রমজানের
পরবর্তী নিবন্ধইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি ও সিইও নুরুল আফছার দুই ক্যাটাগরিতে পুরস্কৃত