কাপ্তাই প্রজেক্টে অবস্থিত শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) শাখাওয়াত কবির, সহকারী প্রকৌশলী তারেক আহমেদ, উপ–সহকারী প্রকৌশলী আদিল হোসেন চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান এবং কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক উত্তম কুমার শীল।
প্রধান অতিথির বক্তব্যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন তৎকালীন প্রকৌশলী এ কে এম শামসুদ্দিন আহমেদ। মহান স্বাধীনতা যুদ্ধের সময় হানাদারা বাহিনী কাপ্তাইয়ে নৃশংসভাবে শামসুদ্দীনকে গুলি করে হত্যা করে। যদিও ইচ্ছা করলে এ কে এম শামসুদ্দিন বিদ্যুৎকেন্দ্র অরক্ষিত রেখে পালিয়ে জীবন বাঁচাতে পারতেন কিন্তু তিনি বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষায় কাপ্তাই প্রজেক্টে থেকে যান। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রকে সুরক্ষা দিতে তিনি পাক হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে মৃত্যু বরন করেন। তার স্মৃতি রক্ষার্থে তার নামানুসারে কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয় এবং প্রতি বছর তার নামানুসারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এই কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পরে তিনি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।










