কানাডাকে সহযোগী সদস্য করলে ইইউ’র ওপর ভারি শুল্কের হুমকি ট্রাম্পের

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

কানাডাকে প্রথম সহযোগী সদস্য (অ্যাসোসিয়েট মেম্বার) করার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাব বাস্তবায়িত হলে জোটটির ওপর ভারি শুল্ক আরোপ কিংবা বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার একদিন আগে ট্রাম্প উত্তর ক্যারোলাইনায় অবতরণের পর সাংবাদিকদের বলেন, আমি মনে করি এটি হাস্যকর, কানাডা বরাবরই এক ভয়াবহ বাণিজ্যিক অংশীদার। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, যদি আমি মনে করি এটি কোনও শত্রুভাবাপন্ন পদক্ষেপ, তবে ইউরোপের বিরুদ্ধে খুব গুরুতর শুল্ক বসাব কিংবা অনেক পণ্যের বাণিজ্য বন্ধ করে দেব। তবে ইউরোপের মনোভাবের ওপর বিষয়টি নির্ভর করছে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যদি তাদের মনোভাব ভালো হয়, তবে ঠিক আছে। কিন্তু তাদের উদ্দেশ্য যদি খারাপ হয়, তবে আমরা ইউরোপের ওপর খুব ভারি শুল্ক বসাব, যার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে বার্ষিক ভাষণ দেওয়ার সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন কানাডাকে সহযোগী সদস্য করার প্রস্তাব দেন। প্রথম কোনও অইউরোপীয় সরকারপ্রধান হিসেবে কার্নি এই অধিবেশনে উপস্থিত ছিলেন। উপস্থিত পার্লামেন্ট সদস্যদের তুমুল করতালির মধ্যে কার্নির উদ্দেশ্যে ফন ডার লিয়েন বলেন, কানাডাকে ইইউএর প্রথম সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে আপনাদের সঙ্গে কাজ করার পথ খুলে দিতে চাই। এই পদক্ষেপকে এক উন্মুক্ত শত্রুভাবাপন্ন বিশ্বে ইউরোপের প্রতিরক্ষামূলক পদক্ষেপের অংশ বলে বর্ণনা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসুইডেনের নির্বাচনে মধ্য-বাম বিরোধীদলীয় জোটের জয়
পরবর্তী নিবন্ধযৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান