কলেজে যাওয়ার পথে বাইক দুর্ঘটনা, ৯ দিন পর শিক্ষার্থীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

কলেজে যাওয়ার পথে গত ৩০ আগস্ট বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ইমতিয়াজ উদ্দিন হৃদয়। গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। নিহত ইমতিয়াজ লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান মিয়াজান মাস্টার পাড়ার মোহাম্মদ লোকমানের পুত্র ও বান্দরবান সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ব্যবসায়িক বিভাগের ছাত্র।

জানা যায়, গত ৩০ আগস্ট নিজ বাড়ি থেকে বাইকযোগে কলেজে ক্লাস করতে যাচ্ছিলেন ইমতিয়াজ। এ সময় চট্টগ্রামকঙবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের শিশুতলা এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের সাথে তার বাইকের সংঘর্ষ হয়। এতে ইমতিয়াজের মাথার খুলি ভেঙে যায় এবং মস্তিস্কে গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম নগরীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। পরে আরেকটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজকে বাঁচানো গেল না। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, বাইক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। ঘটনার পর থেকে ঈগল পরিবহনের বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপুঁজিবাজারকে প্রাণবন্ত ও বহুমুখী করতে দ্রুত কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার তাগিদ