কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনার ভয়াবহতায় ট্রাকটি কাত হয়ে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকে থাকা দুইজন। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ সবুজ পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাঁকে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার জুলুয়ার দিঘি এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় বন সর্দার (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহাসড়কের উপজেলার জলুয়ার দিঘি এলাকায় শহীদ শাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়ার দুর্ঘটনায় নিহতরা হলেন– টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)। দুর্ঘটনার সময় দুইজন ট্রাকটিতে ছিলেন। ট্রাকটি চকরিয়া থেকে টেকনাফের রোহিঙ্গা শিবিরে সবজি নিয়ে যাচ্ছিল। চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে কক্সবাজারগামী ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকে থাকা আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপ–পরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ওই দুজনের মৃত্যু হয়েছে। বাসটি খুব দ্রুত ও বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পটিয়ায় দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বন সর্দার (৭০) পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সর্দার পাড়ার বাসিন্দা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহাসড়কের উপজেলার জলুয়ার দিঘি এলাকায় শহীদ শাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১১টার দিকে ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বন সর্দার। এ সময় পটিয়ামুখী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়ামুখী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ওই পথচারীর মৃত্যু হয়েছে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাখাওয়াত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়।












