বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের কিছু অনাকাঙ্ক্ষিত প্রশ্নে বিরক্ত ছোট পর্দার একসময়ের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। এক ভিডিও বার্তায় এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। যেখানে ভক্তদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সঙ্গে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। বিষয়টি খুব সুন্দর হতে পারত। কিন্তু হুট করেই কোনো শিষ্টাচার ছাড়াই যদি প্রশ্ন করেন, আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।’
বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার ইচ্ছার বিষয় উল্লেখ করে প্রভা বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখে দিয়েছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।’
নিজের জীবনের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আল্লাহ ডেফিনেটলি আমার ভালো চেয়েই হয়তো অনেক কিছু আমার জন্য লিখে রাখেননি। আমার স্ট্রাগল তো একমাত্র আল্লাহই জানেন। দুনিয়ার মানুষকে তো আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আমার বোঝাপড়া শুধু ওপরওয়ালার সঙ্গেই ঠিক থাকতে হবে।’














