কক্সবাজারের সুগন্ধা–কলাতলী সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ কার্যক্রম বন্ধে হাই কোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত রুল সুপ্রিম কোর্টের আসন্ন অবকাশকালীন ছুটির পর দুই সপ্তাহের মধ্যে হাই কোর্টে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সায়মন পর্যন্ত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ও নো ডেভেলপমেন্ট জোনে কক্সবাজার পৌরসভার ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে গত মাসে রিট আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২ সেপ্টেম্বর হাই কোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। বালিয়াড়িতে সড়ক নির্মাণ কার্যক্রম আট সপ্তাহের জন্য বন্ধ রাখতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
রুলে কক্সবাজার পৌরসভার ওই সড়ক নির্মাণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে ইতিমধ্যে নির্মিত সড়কের অংশবিশেষ অপসারণ করে সমুদ্রসৈকত ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চায় আদালত।
হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নয়জন বিবাদী আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। গত ৯ সেপ্টেম্বর চেম্বার আদালত হাই কোর্টের আদেশে স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়। সোমবার পূর্ণাঙ্গ বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে হাই কোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখার আদেশ দিল।
আদেশের পর সুপ্রিম কোর্ট অ্যানেঙ ভবনের সামনে রিটকারী বেলার আইনজীবী মিনহাজুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘কঙবাজার পৌরসভা লাবনী পয়েন্ট থেকে সায়মন হোটেল পর্যন্ত একটি ছোট রাস্তা নির্মাণের প্রকল্প নিয়েছিল। কিন্তু তারা প্রাথমিক পরিবেশগত সমীক্ষার (আইইই) বাইরে গিয়ে সৈকতের বালিয়াড়ির ওপর প্রায় ২৮ মিটার চওড়া রাস্তা এবং কংক্রিটের বাঁধ নির্মাণ শুরু করে, যা সৈকতের প্রাকৃতিক পরিবেশকে হুমকির মুখে ফেলে।’











