ওয়্যারলেস এলাকায় কিশোর খুনের মামলায় বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

নগরীর খুলশীর ওয়্যারলেস এলাকায় কিশোর মো. হৃদয় খুনের মামলায় আলোচিত ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন এরেস্ট) আদেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত আবেদন করা হয়। আদালতের সংশ্লিষ্ট সূত্র দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১৮ অক্টোবর একটি চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণ করলে বগাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পুলিশ জানায়, পাহাড়তলী কলেজের এক শিক্ষককে ডেকে নিয়ে মারধরের অভিযোগে হওয়া একটি মামলায় গত ৩ সেপ্টেম্বর রাতে খুলশী থানা পুলিশ বগাকে আটক করতে ওয়্যারলেস কলোনি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বগার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়। পুলিশের সূত্র বলছে, চাঁদাবাজি, মাদক, মারামারি, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পদ ভাঙ্‌চুর ও বিস্ফোরক–সংক্রান্ত অভিযোগে খুলশীসহ আশপাশের বিভিন্ন থানায় দায়ের হওয়া মোট ২৩ টি মামলার আসামি ওয়াকিল হোসেন বগা ওরফে বিহারী বগা। তিনি স্বেচ্ছাসবক দল চট্টগ্রাম মহানগরের বহিষ্কৃত নেতা।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া থানার এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
পরবর্তী নিবন্ধ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না