মহেশখালীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুতুবজোম ও মাতারবাড়ি ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। এক শিশু পুকুরে গোসল করতে নেমে এবং অন্য শিশু বাড়ির পাশের খালের পানিতে ডুবে মারা যায়।
নিহতদের একজন হাসান রাজা (৮)। সে উপজেলার কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ শিকদারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। হাসান স্থানীয় কুতুবজোম মগকাটা দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানান, বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় হাসান। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন স্বজনরা।
অপরদিকে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট উলাঘোনা এলাকায় পানিতে ডুবে মারা যায় মো. রাকিব (৭)। সে ওই এলাকার নুর হোছাইনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল রাকিব। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি খালে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন। পরে তাকে নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।











