এক ব্যক্তির যাবজ্জীবন

হালিশহরে শিশুকে ধর্ষণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৪৯ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মজিবর মৃধা (৬১)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এজন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

ট্রাইব্যুনালের পিপি মাহমুদউল আলম চৌধুরী মারুফ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ভিকটিম ৮ বছরের শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি শিশুকে বাসায় রেখে কাজে চলে যান। এ সময় বাসায় শিশুটি একা ছিল। এ সুযোগে আসামি প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আসামির বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে চার্জশিট দাখিল করলে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জে থামছে না ডিও স্লিপ বাণিজ্য