উদ্ভাবনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে সাশ্রয়ী নির্ভরযোগ্য ও কার্যকর করা সম্ভব

চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানে এরশাদ উল্লাহ

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, জ্বালানি নিরাপত্তা হল একটি দেশের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। এর মধ্যে আছে বিদ্যুৎ, গ্যাস, তেল এবং নবায়নযোগ্য জ্বালানি। আর জ্বালানি টেকসই হল এমনভাবে জ্বালানি উৎপাদন ও ব্যবহার করা যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ হয়। এর সাথে যুক্ত আছে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, বায়োমাস, বৈদ্যুতিক যানবাহন, গ্রিন হাইড্রোজেন এবং কার্বন ক্যাপচার ও স্টোরেজের মতো প্রযুক্তি। এই তিনটি বিষয়ের মধ্যে উদ্ভাবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে আরও সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও কার্যকর করা সম্ভব। একই সাথে জ্বালানি সাশ্রয়, উৎপাদন ব্যয় কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করার ক্ষেত্রেও নতুন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব উদ্ভাবনে চুয়েট যুগান্তকারী ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, আমাদের দেশের মেধাবী প্রকৌশলী, চিকিৎসক, গবেষক ও অন্যান্য পেশাজীবীদের দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের অনেক মেধাবী প্রকৌশলী ইউরোপ, আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন।

তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা যদি আমরা দেশের কাজে লাগাতে পারি তাহলে দেশ দ্রুত এগিয়ে যেতে পারবে।

তিনি গতকাল সোমবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ‘Energy, Security, Sustainability and Innovationn; The Role of Universities in Shaping Asia’s Future শীর্ষক ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের লেকচারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম। রিসোর্স পার্সন ছিলেন ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস মালয়েশিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আই আর. . মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। লেকচার সঞ্চালনা করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় দিবসের অংশ হিসেবে একই দিন বাস্কেটবল গ্রাউন্ডে ‘চুয়েট ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত হয়। ফেস্ট উদ্বোধন করেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। উদ্বোধন শেষে তিনি চুয়েট ক্লাব ফেস্টের প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, অধ্যাপক ড.মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন, মো. মাসুম রানা প্রামানিক এবং প্রিয়ন্তি পাল টুম্পা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা-বিজ্ঞানে এগিয়ে যাবে সিবিইউএফটির শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধরাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সেমিনার ও শিক্ষার্থী সংবর্ধনা