সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো আসন সংকট থাকছে না। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজসমূহ মিলে প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে, যা এইচএসসিতে উত্তীর্ণ মোট শিক্ষার্থীর সংখ্যার দ্বিগুণেরও বেশি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হালনাগাদ তথ্যে দেখা যায়, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে জিপিএ–৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে, ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে মোট আসন সংখ্যা ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি। খবর বাসসের।
এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বছর মোট পাস করা শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পর্যাপ্ত আসন রয়েছে। উচ্চশিক্ষার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ লাখ আসন রয়েছে, যেখানে এ বছর পাস করেছে প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব মানদন্ড ও নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষার জন্য আসন সংকট থাকবে না। শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী ভর্তির সুযোগ পাবে।’ ইউজিসি জানিয়েছে, ২০২৬–২৭ শিক্ষাবর্ষে দেশের ৬১টি সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয় ও তাদের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি আসনের মধ্যে ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এগুলোর অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটে মোট আসন রয়েছে ১০ লাখ ৮২ হাজার ২৮৮টি।











