চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। ভৌগোলিক অবস্থানগত কারণে চট্টগ্রাম সমুদ্রসম্পদ নিয়ে গবেষণার একটি আদর্শ স্থান। সমুদ্রসম্পদ নিয়ে গবেষণা কার্যক্রম ব্লু–ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি গতকাল মঙ্গলবার সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি গবেষণা উপপ্রকল্পের ইনসেপশন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গবেষণা উপপ্রকল্পের এসপিএম (সাব–প্রজেক্ট ম্যানেজার) প্রফেসর ড. মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিভাসু’র পরিচালক (গবেষণা ও সমপ্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর মো. আ. হালিম এবং সামুদ্রিক মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. নজরুল ইসলাম।
সেমিনারে উপপ্রকল্পের সামগ্রিক চিত্র তুলে ধরেন এসপিএম প্রফেসর ড. মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য এবং প্রকল্পের বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রেজেন্টেশন দেন এএসপিএম (অ্যাসিসটেন্ট সাব–প্রজেক্ট ম্যানেজার) প্রফেসর ড. মোহাম্মদ সাদেকুর রহমান খাঁন। সেমিনারে উপপ্রকল্পের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













