ঈদের ৮ দিন অতিবাহিত হলেও বাঁশখালী সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৬ টেক্সিচালককে জরিমানা করা হয়েছে। গতকাল বাঁশখালীর প্রধান সড়কের পৌরসভার জলদী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিকেলে চলন্ত সিএনজিচালিত টেক্সি থামিয়ে যাত্রীদের কাছে আদায়কৃত ভাড়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ধারা ৩৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ৮০ অনুযায়ী ৬ জন টেক্সিচালককে মোট ২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ বেআইনি। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহন চালক বা সংশ্লিষ্ট ব্যক্তি আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।











