চন্দনাইশের হাশিমপুরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুসহ একই পরিবারের ৯ জন রয়েছে। গত ২৮ মে ঈদের দিন বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ঈদুল–আজহার দিন যাত্রীবাহী একটি মিনি বাস চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে দ্রুত গতিতে সাতকানিয়ার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি মহাসড়কের চন্দনাইশের হাসিমপুর জামিরজুরী রাস্তার মাথা সংলগ্ন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয়। এতে বাসটির সম্মুখভাগ দুমড়ে–মুছড়ে যায়। এ সময় বাসে থাকা একই পরিবারের ৯ জন সহ মোট ১৩ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন দীপ্ত দাশ (আড়াই বছর), অনুরাগ দাশ (১৩), আইয়ুশ দাশ (৯), প্রিয়ংকা দাশ (৩০), শিকা দে (৪৫), শ্যামলী দাশ (৫০), পলাশ দাশ (৩০), সুমন দাশ (২৩), রীতা দাশ (৩৩), আবদুল আউয়াল (৬৫), সাকিব (২৩), নরুল আলম (৩৫), ইলিয়াছ (৪৫)। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার মোবাইল ডিউটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত মিনি বাসটি থানা হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দীন চৌধুরী।












