ঈদুল আজহার ছুটিটা ঠিকমত কাটাতেও পারেননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরই মধ্যে নেমে পড়তে হচ্ছে মাঠের লড়াইয়ে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। কোরবানের আগে একমাত্র টেস্ট খেলে ফিরে যাওয়া আফগানরা এবার এসেছে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলতে। একদিনের আন্তর্জাতিক ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। যার প্রথমটি হবে আগামী বুধবার। সে সিরিজকে সামনে রেখে গত শনিবার বাংলাদেশ এবং আফগানিস্তান দু দলই এসে গেছে চট্টগ্রামে। শনিবার চট্টগ্রামে এসে কয়েকজন ক্রিকেটার আন অফিসিয়াল অনুশীলন করেছে। তবে গতকাল পুরো দল অনুশীলন করেছে। কিন্তু সে অনুশীলন ছিল কেবলই ক্লোজ ডোর। আজ থেকে দু দলই পুরোদমে অনুশীলন করবে। আফগানিস্তান দল অনুশীলন করবে সকাল ১০টা থেকে। আর স্বাগতিক বাংলাদেশ দল অনুশীলন করবে দুপুর ২টা থেকে। দু দলেরই লক্ষ্য সিরিজ জেতা। একমাত্র টেস্ট ম্যাচে বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতা বজায় রাখতে চায় টাইগাররা। অপরদিকে আফগানদের লক্ষ্য প্রতিশোধ নেওয়া। বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ যেমন জানালেন, ছুটি কাটিয়ে আবার মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত তারা। তাসকিন বলেন ভালো সিরিজ হবে আশা করছি। ঈদের ছুটি কাটিয়ে এখন আবার ব্যাক টু বিজনেস। সবাই আমরা নিজেদের সেরাটা দিয়ে সিরিজ জয়ের আশায় খেলব। আর সে জণ্য আমরা সবাই প্রস্তুত।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান বেশ উজ্জ্বল। ওয়ানডেতে দু দলের ১১ মোকাবেলায় বাংলাদেশের জয় সাতটি। অপর দিকে আফগানিস্তান জিতেছে দুই ম্যাচ। তবে সর্বশেষ দেখায় বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তান। তবে তাসকিন বলছেন, চ্যালেঞ্জিংই হবে আফগান সিরিজ। এখন সব দলই চ্যালেঞ্জিং। ওরাও তাই। সবার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে। আশা করছি ভালো কিছু হবে। বাংলাদেশ–আফগানিস্তান এই সিরিজটা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। ঈদের আগে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। সে ম্যাচে সফরকারীদের ৫৪৬ রানের রেডর্ক ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। একতরফা ভাবেই ম্যাচ জিতেছেন টাইগাররা। তবে ওয়ানডে সিরিজটা হয়তো অতোটা সহজ হবে না বলে মনে করছেন তাসকিন।











