ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের মালিক গুগল একটি ইরানপন্থি গোষ্ঠীর চ্যানেল সরিয়ে দিয়েছে। চ্যানেলটিতে লেগো–ধাঁচের ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ করা হতো। ইউটিউবের এক মুখপাত্র মিডল ইস্ট আইকে জানান, পর্যালোচনার পর আমরা স্প্যাম, বিভ্রান্তিকর কার্যক্রম ও প্রতারণা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের কারণে চ্যানেলটি বন্ধ করেছি। ইউটিউব কোনো ধরনের স্প্যাম, প্রতারণা বা বিভ্রান্তিকর কার্যক্রম অনুমোদন করে না। খবর বাংলানিউজের।
‘এক্সপ্লোসিভ মিডিয়া’ নামের ওই চ্যানেল মূলত অ্যানিমেশন ভিডিও তৈরি করত, যেখানে ইরানবিরোধী যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রচেষ্টাকে ব্যঙ্গ করা হতো এবং ট্রাম্পকে নিয়ে নানা রসাত্মক কনটেন্ট উপস্থাপন করা হতো। তবে ঠিক কোন কারণে নীতিমালা ভঙ্গ হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি ইউটিউব। এর আগে চ্যানেলটিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছিল। ওই চ্যানেলের একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মার্কিন সামরিক কর্মকর্তাদের দিকে চেয়ার ছুড়ে মারছেন আর ইরানি জেনারেলরা ‘স্টোন এইজে ফিরে যাও’ লেখা একটি বোতাম চাপছেন, যা যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের একটি হুমকির ইঙ্গিত বহন করে।












