ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের কাছে শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে রাশিয়া। খবর বিডিনিউজের।
এসব হামলায় চারজন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। আবাসিক বেশকিছু ভবন এবং স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও জানিয়েছেন তারা। হামলাস্থল থেকে টেলিগ্রাম বার্তায় কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, কিয়েভের জন্য এ ছিল এক ভয়াবহ রাত। এখন উদ্ধারকারীরা আগুন নেভাচ্ছে এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করছে। চিকিৎসাকর্মীরা আহতদের সেবা দিচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর এ নিয়ে দেশটিতে তৃতীয়বার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ওরেশনিক রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি পারমাণবিক ওয়ারহেডও বহন করতে পারে। আগের দু’টো হামলা ইউক্রেনের প্রধান নগরীগুলোতে আঘাত হেনেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এবারের ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে কিয়েভের উপকণ্ঠ থেকে ৪০ মাইলের মধ্যে একটি নগরীতে আঘাত হেনেছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ৯০ টি ক্ষেপণাস্ত্র এবং ৬শ’ টি ড্রোন ছুড়েছে।












