ইউক্রেন ‘কার্যকরভাবে’ গুচ্ছ বোমা ব্যবহার করছে : যুক্তরাষ্ট্র

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৩০ পূর্বাহ্ণ

আগ্রাসী রাশিয়ার বাহিনীগুলোর বিরুদ্ধে ইউক্রেন গুচ্ছ বোমা (ক্লাস্টার বোমা) ব্যবহার করছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কারবি জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা পাওয়া গেছে রাশিয়ার প্রতিরক্ষা অবস্থান ও অভিযানের বিরুদ্ধে এসব বোমা ‘কার্যকরভাবে’ ব্যবহৃত হচ্ছে। গুচ্ছ বোমা এমন এক ধরনের বোমা, যা ছোড়ার পর মাঝ আকাশ থেকে শত শত ছোট ছোট বোমা বেরিয়ে মাটিতে পড়তে থাকে। তবে ছোট ছোট অনেক বোমা মাটিতে পড়ে প্রায় সময়ই ফাটে না। কিন্তু না ফাটলেও বহুদিন পর্যন্ত সক্রিয় থাকে এবং পরবর্তীতে ফাটার ঝুঁকি থেকে যায়। খবর বিডিনিউজের।

গুচ্ছ বোমা হামলা ব্যাপক এলাকাজুড়ে নির্বিচারে মানুষের মৃত্যু ডেকে আনতে পারে। সে কারণে বিশ্বের ১২০টিরও বেশি দেশে এ বোমা নিষিদ্ধ। তবে রাশিয়া ও ইউক্রেন উভয়েই এবারের যুদ্ধে এ বোমা ব্যবহার করেছে। কিইভের গোলাবারুদ ফুরিয়ে আসার কথা বলে যুক্তরাষ্ট্র ইউক্রেনে এই বোমা সরবরাহ করেছে। শুধু শত্রু রুশ সেনাদের মারতে এই বোমা ব্যবহার করা হবে বলে ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে, জানিয়েছে বিবিসি।

এক সংবাদ ব্রিফিংয়ে কারবি বলেছেন, তারা যথাযথভাবে সেগুলো (গুচ্ছ বোমা) ব্যবহার করছে। তারা এগুলো কার্যকরভাবে ব্যবহার করছে এবং তারা আসলে রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান ও প্রতিরক্ষামূলক কৌশলের ওপর একটি প্রভাব ফেলতে পেরেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য, কানাডা, নিউ জিল্যান্ড ও স্পেন এ বোমা ব্যবহারের বিরোধিতা করেছে।

পূর্ববর্তী নিবন্ধশত বছরের মধ্যে জুলাই হতে পারে সবচেয়ে উষ্ণতম মাস
পরবর্তী নিবন্ধপ্রিগোজিনের ওপর এখনও প্রতিশোধ নিতে পারেন পুতিন : সিআইএ