আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

ভারতের আসামের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন৩২ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ঘটনায় বিমানবাহিনীর তিনজন কর্মকর্তা ও দুইজন সৈনিক নিহত হওয়ার তথ্য দিয়েছে বিমানবাহিনী। খবর বিডিনিউজের।

শনিবার সকালে বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে এবং বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। বিমানবাহিনীর তরফে দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানানো হয়েছে, নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।

আইএএফ এক বিবৃতিতে জানিয়েছে, সকাল আনুমানিক ১০টার দিকে জোরহাটে একটি নিয়মিত ফ্লাইটের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, অবতরণের সময় বিমানঘাঁটি প্রাঙ্গণের ভেতরেই এটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানবাহিনী এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে বিমানবাহিনী ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং বিস্তারিত তথ্যের অপেক্ষা করছেন। অ্যান্তোনভ এএন৩২ হল একটি শক্তিশালী, টুইনইঞ্জিন টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমানবাহিনীর প্রধান চালিকাশক্তি বা ‘ওয়ার্কহর্স’ হিসেবে পরিচিত। মূলত ভারতের বিশেষ ভৌগোলিক চাহিদার কথা মাথায় রেখে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে বিমানটি তৈরি করা হয়েছিল।

বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে এই মডেলের প্রায় ১০০টি বিমান সক্রিয় রয়েছে। প্রতিকূল আবহাওয়া, উচ্চ পার্বত্য অঞ্চল এবং উষ্ণ গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতেও এটি সমানভাবে কার্যকর।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি : ইরান
পরবর্তী নিবন্ধইরানের হাজার কোটি ডলারের তহবিল ছাড় করছে ইউএই