আমার পথের ধারে
আমার পাড়ার মোড়ে
ওরা যে তাকায় ঘুরে ঘুরে।
কাঁপে বুক ভয়ে লাজে
ঢেঁকি পাড় বুকে বাজে।
হাজার চোখের মাঝে
আসেনি তো কেউ কাজে।
এমন সোনার দেশ
ছিঁড়েছে আমার বেশ
অথচ লজ্জার নেই লেশ।
কুকুরের ঘেউ ঘেউ
শুনেও শুনেনি কেউ
বাঘেরা করছে মিউমিউ।
সাধুদের ছায়া তলে
শকুনের চোখ জ্বলে
মানবতা ঝুলে থাকে শূলে।
আসল মানুষ সেই
খুঁজে দেখি কেউ নেই
বিচারটা তবে কারে দেই







