সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য আবদুল মোতালেব হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন মো. পারভেজ, মো. বেলাল ও সাইদুল ইসলাম। তারা তিনজনই মামলার এজাহারনামীয় আসামি। গত শুক্রবার চট্টগ্রাম নগরী ও নোয়াখালীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আব্দুল মোতালেব হত্যা মামলায় ২০ জন আসামিকে গ্রেপ্তার করেছে আইন–শৃঙ্খলা বাহিনী।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মো. পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে নগরীর পাহাড়তলী এলাকা থেকে মো. বেলাল ও বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের উপর হামলা চালায়। এতে চারজন র্যাব সদস্য গুরুতর আঘাত পান। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কতর্বরত চিকিৎসক র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ ১৫০–২০০ জন অচেনা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়।
র্যাব সূত্র জানায়, আবদুল মোতালেব হত্যায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। পাশাপাশি পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে ৭ জন। সব মিলে এ ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘকাল ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে জঙ্গল সলিমপুর। সর্বশেষ গত ৯ মার্চ জঙ্গল সলিমপুরে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ২২ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে জঙ্গল সলিমপুর এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে চলে এসেছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়।












