চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের ‘নতুন সংস্করণ’ হিসেবে পরিচিত ডেভিড জিহাদকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেজাদ হোসেন জিহান প্রকাশ ডেভিড জিহাদ (১৯) উপজেলার আমিরাবাদ ইউনিয়নে ১ নম্বর ওয়াডের স্কুল রোড উকিল পাড়ার মো. জাবেদের ছেলে। তার বিরুদ্ধে স্কুল শিক্ষককে হুমকি ও হামলার অভিযোগ রয়েছে। এছাড়া কিশোর গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট লোহাগাড়ার ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ (১৫)কে একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন ও শিক্ষক নাজিব স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে তারা বটতলী স্টেশনের একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে আবদুল্লাহর সহপাঠী ও ঘটনায় জড়িত আয়ানকে আটক করেন। তবে আবদুল্লাহকে মারধরের সাথে জড়িত অন্য কিশোররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আয়ানকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আয়ানকে পুলিশের কাছে দেওয়ার পর প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনের মোবাইল ফোনে হুমকির একটি কল আসে বলে অভিযোগ করা হয়েছে। কলের রেকর্ডে হুমকি দাতাকে নিজেকে ‘ডেভিড জিহাদ’ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। এ ঘটনায় শিক্ষকের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠে। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যেই একই ঘটনার জেরে বিদ্যালয়ের আরেক শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে নজরুল ইসলামের উপর হামলা চালানোর অভিযোগ উঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। হামলায় তাকে ছুরিকাঘাতসহ শরীরের অন্তত পাঁচ স্থানে গুরুতর আঘাত করা হয়। এ ঘটনাটি ডেভিড জিহাদের নেতৃত্বে হয়েছে বলে অভিযোগ করা হয়। পরে নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ডেভিড ইমনসহ কয়েকজনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় মামলা করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গ্রেপ্তার ডেভিড জিহাদকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে।












