রপ্তানিমুখী পোশাক ও টেক্সটাইল খাতের কাঁচামাল আমদানির শর্ত সহজ করার পাশাপাশি ‘আমদানি নীতি আদেশ ২০২৬–২৯’ এ একাধিক সংশোধনী এনেছে সরকার। এগুলোর মধ্যে আমদানি নীতি আদেশে নিট কাপড় আমদানিতে যে নিষেধাজ্ঞার ধারা ছিল, তা বাতিল করা হয়েছে।
গতকাল বুধবার এসব সংশোধনী এনে নতুন করে হালনাগাদ আদেশ করে বাণিজ্য মন্ত্রণালয়। আমদানি নীতি আদেশের ২৫ অনুচ্ছেদের ১২ উপ অনুচ্ছেদে এমন বিধান ছিল, যেখানে বলা ছিল, ‘নিট ফেব্রিক আমদানি যোগ্য হবে না’। এতে রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম ও প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় এ বিধান স্থগিত বা প্রত্যাহারের অনুরোধের দাবি জানায় বিজিএমইএ ও বিকেএমইএ। খবর বিডিনিউজের।
এ নিয়ে বাণিজ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এ ধরনের আমদানির সুযোগ সীমিত হলে রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিজিএমইএ। নতুন আদেশে নিষেধাজ্ঞার এ বাক্যটি বাতিল করা হয়। পোশাক খাতের আমদানিতে আরও কিছু বিধানে শিথিলতা আনা হয়েছে।
এরমধ্যে মূল আদেশে গ্রে–কাপড় ছাড়া অন্য কাপড় কেবল ১৮.২৯ মিটার বা তার বেশি থানে আমদানির সুযোগ ছিল। কাটা বা টুকরো কাপড় আনা যেত না। এখন কৃত্রিম তন্তুর সীমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন আইটেম ও ফাংশনাল পোশাকের কাপড় আকৃতি ও সাইজ নির্বিশেষে আনা যাবে। তবে এর জন্য বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ লাগবে বলে তুলে ধরা হয়েছে আদেশে। এছাড়াও বিনামূল্যে (এফওসি) আমদানির ছকে কটন, ম্যান–মেড ফাইবার ও সিনথেটিক ফেব্রিক্সের সঙ্গে ‘ও অন্যান্য উপকরণ’ যোগ করা হয়েছে।









