রাউজানের চাঞ্চল্যকর আলমগীর প্রকাশ আলম হত্যা মামলার প্রধান আসামি কাজী বখতিয়ার উদ্দিন ওরফে বখতিয়ার ফকির আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালতে জামিন চাইতে যান বখতেয়ার। এর আগে এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে নিদিষ্ট সময়ের জন্য জামিন নিয়েছিলেন। জানা যায়, গতকাল আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ অক্টোবর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতলা কায়কোবাদ জামে মসজিদের সামনে একদল অস্ত্রধারী আলমগীর প্রকাশ আলম ও তার সহযোগী সাইফুদ্দিন ওরফে রিয়াদকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় আলম ঘটনাস্থলে নিহত হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রিয়াদের মৃত্যু হয়। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বখতিয়ার নামে একজন আদালতে আত্মসমর্পণ করেছেন বলে জেনেছি। তবে আদালতের আদেশ এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের হাতে পৌঁছায়নি।











