দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন ফেনীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি। অবশেষে চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাফর সাদেক (৫০)। গত বুধবার ফিরিঙ্গীবাজার এলাকার ২ নম্বর চুরিয়ালটুলি লেইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জাফর সাদেক ফেনীর মো. আব্দুর শুক্কুরের ছেলে।
গতকাল তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব উদ্দিন জানান, ফেনী মডেল থানার ২০১৩ সালের একটি মাদক মামলায় মো.জাফর সাদেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিল আদালত। সাজা পরোয়ানা মূলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যহত ছিল। গতকাল বিশেষ অভিযানে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।














