আট বছর আগেই ভেঙেছে অভিনেত্রী মীমের সংসার

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী সাবরিনা সাকা মীম। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে তার জীবন। শারীরিকভাবেও ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রথম দেখায় তার ভক্তঅনুরাগীরা রীতিমতো দ্বিধায় পড়ে যাবেন। প্রায় ১৪ বছর আগে ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে ঘর বাঁধেন মীম। কিন্তু এ সংসার ভেঙে গেছে বলে জানিয়েছেন অভিনেত্রী। ৮ বছর আগেই বিবাহবিচ্ছেদ হয় তাদের। এবার সেই খবর জানালেন মীম। সংগীতশিল্পী পুতুলের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মীম সংসার ভাঙার বিষয়ে বলেন, আমি বিয়ে করেছি, অন্যান্য মেয়ে যেমন চিন্তা করে বিয়ে করেন, আমিও তাই করেছি। সবকিছু সুন্দর মতো চলবে, সেই চেষ্টাও ছিল। নিশ্চয়ই আমার পার্টনারেরও সেই চেষ্টা ছিল। কিন্তু যেকোনোভাবেই সংসারটা টিকল না। নব্বই দশকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখেন সাবরিনা সাকা মীম। পরবর্তীতে অভিনয় প্রতিভা দিয়ে নাট্যাঙ্গনে নিজের জায়গা তৈরি করে নেন। ২০১২ সালের ৭ ডিসেম্বর পারিবারিক আয়োজনে ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মীম। বিয়ের পর অভিনয় থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেন। সংসার ভাঙার পেছনে কী এটাই কারণ? প্রশ্নের জবাবে মীম বলেন, আমি কাউকে দোষ দেব না। হয়তো আমিও দোষী, হয়তো সেও (বর) দোষী, যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমিও যখন বুঝতে পারলামনা, এটা আসলে হচ্ছে না। আমি সাড়ে ৫ বছর অপেক্ষা করেছি। কারণ, কখনো যেন মনে না হয় সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করিনি। ২০১৮ সালের ৭ জুন, বিচ্ছেদের পেপারে সাইন করি। ২০১২ সালে সর্বশেষ তাকে নাটকে দেখা যায়। পরে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করলেও অভিনয়ে আর ফেরেননি এই অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধনতুন সিনেমায় ভাবনা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭৩.২২ কোটি টাকা