আজ শুভ জন্মাষ্টমী

নগরীতে মহাশোভাযাত্রা সকাল ১০ টায়

আজাদী ডেস্ক | শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এদিন দেশের হিন্দু সমপ্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

হিন্দু পুরাণ মতে, ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগেযুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও ইসকনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সমপ্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে শান্তিপূর্ণ, মানবিক ও অসামপ্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই শুভ দিনে আমি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জেএম সেন হলে কর্মসূচি :

আজ শুক্রবার সকাল ১০টায় ধর্মীয় ঐতিহ্যে বের করা হবে বর্ণাঢ্য জন্মাষ্টমী মহাশোভাযাত্রা। এতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করবেন বাঁশখালী ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত মহারাজ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। মহাশোভাযাত্রা উদ্বোধন করবেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মহান অতিথি থাকবেন সংসদ সদস্য সাঈদ আল নোমান ও সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ের শীর্ষ তিন পদে রদবদল
পরবর্তী নিবন্ধকর ফাঁকির জরিমানায় দালিলিক প্রমাণ বাধ্যতামূলক : এনবিআর