ফ্রান্সের একটি শিক্ষার্থী সংগঠনের প্রধান জানিয়েছেন, সোমবার থেকে আবার হাই স্কুলগুলোতে অবরোধ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় সরকারের দেওয়া প্রস্তাবগুলো একেবারেই পর্যাপ্ত নয়। খবর বাসসের। গত শনিবার টানা তৃতীয় সপ্তাহের মতো ফ্রান্সজুড়ে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াসহ শত শত হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। শিক্ষার্থী সংগঠন লিসিঁ!-এর প্রধান পিয়েরে সুরজাত জানান, দুই সপ্তাহের ছুটি শেষে সোমবার শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসার পর থেকেই কিছু কিছু হাই স্কুলে অবরোধ শুরু করা হবে। রোববার সমপ্রচারমাধ্যম আরএমসি–কে তিনি বলেন, মঙ্গলবার থেকে এই আন্দোলন আরও জোরদার ও বিস্তৃত হবে, তবে আমরা জানি যে কিছু স্কুলে আগামীকাল থেকেই অবরোধ শুরু হয়ে যাবে। তিনি আরও বলেন, যারা আগামীকাল থেকে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধ শুরু করবে, আমরা সেই সকল সহযোদ্ধাকে সমর্থন জানাচ্ছি। শিক্ষার অবনতিশীল পরিবেশ ও বৈষম্যের প্রতিবাদে হাই স্কুল শিক্ষার্থীদের কয়েক সপ্তাহের বিক্ষোভ থেকে ফ্রান্সে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিরুদ্ধে বর্তমান এই বড় ধরনের আন্দোলন রূপ নেয়। গত সোমবার সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণে বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করে, যার মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্ল্যাটফর্ম পরিবর্তন এবং স্কুল সংস্কারের জন্য ঋণের সংস্থান রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।












