আজ শুক্রবার সাতকানিয়ার কাঞ্চনায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষায়িত চিকিৎসা ক্যাম্প ও চক্ষু চিকিৎসা শিবির। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাঞ্চনা গ্রামের আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট (কাঞ্চনা হাইস্কুল) মাঠে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।
দেশবরেণ্য চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পে ঢাকা ও চট্টগ্রামের খ্যাতিমান চিকিৎসক এবং তাঁর সহকর্মীরা অংশ নেবেন। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি রক্তের গ্রুপ ও রক্তের সুগার পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
চক্ষু চিকিৎসা শিবিরে ছানি রোগীদের পরীক্ষা করে বাছাই করা হবে। নির্বাচিত রোগীদের যাতায়াত, লেন্সসহ অস্ত্রোপচার, ওষুধ ও চশমা বিনামূল্যে দেওয়া হবে।
মরহুমের পরিবারের পক্ষে তাঁর স্ত্রী অধ্যাপক ডা. রাশেদা সামাদ রিদওয়ান এ আয়োজন সফল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমান ২০২৩ সালের ২৫ অক্টোবর ৬৫ বছর বয়সে মারা যান। প্রেস বিজ্ঞপ্তি।












