আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ও রেলওয়ে রেঞ্জার্সের জয়লাভ

সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স নিজ নিজ খেলায় জয় পেয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ৭ উইকেটে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। নওজোয়ান গ্রীণের এটি প্রথম জয়। প্রথম খেলায় তারা কে এম স্পোর্টিং কাছে হেরে গিয়েছিল। অন্যদিকে লিটল ব্রাদার্স তাদের দুটি খেলার দুটিতেই পরাজিত হয়েছে।

টসে জিতে লিটল ব্রাদার্স প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৯৯ রান তোলে। দলের পক্ষে আরভাজ খান ২৩, মো. তৌফিক ২১,ওমর ফারুক ১৩, মেহেদি হাসান ১১ এবং আমিনুল ইসলাম ১০ রান করে। আগ্রাবাদ নওজোয়ান গ্রীণের পক্ষে শাফিউল আলম রায়হান ১৫ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নেন। ১টি করে উইকেট পান গাজী আবদুস সায়েম,রাকিব উদ্দিন,রাফিউল আলম রুবেল এবং চৌধুরী মোহাম্মদ সুহান।

জবাবে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ১৩.৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলে নেয়। ওপেনার সাদমান হোসেন ৩১,তুষার শীল ২১ রান করেন। আবতাহী মাজহার ১৬ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান। লিটল ব্রাদার্সের পক্ষে ২টি উইকেট নেন ওমর ফারুক। ১টি উইকেট পান মেহরাব হোসেন। প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন শাফিউল আলম রায়হান। তার হাতে পুরস্কার তুলে দেন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সাজীব বিকাশ বড়ুয়া টুটুল এবং লিটল ব্রাদার্সের টিম ম্যানেজার শুভ মল্লিক।

একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ৬ উইকেটে কোয়ালিটি ব্লুজকে হারিয়ে শুভসূচনা করেছে। কোয়ালিটি ব্লুজের এটি প্রথম পরাজয়। প্রথম দুটি খেলায় তারা টানা জয়লাভ করেছিল।

গতকাল টসে জিতে কোয়ালিটি প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১১৫ রান সংগ্রহ করে। দলের হয়ে ফাহিম ২৩, আশরাফুল হাসান ১৫ এবং জিসানুল কাদের ১৫ রান করেন। ওসমান গনি অপরাজিত থাকেন ১০ রান করে। বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স দলের পক্ষে ২টি করে উইকেট নেন সুফিয়ান আলম, নাইব উদ্দিন এবং আদিল চৌধুরী। ১টি করে উইকেট নেন রিয়াল করিম,ইমতিয়াজ আলম এবং রানা মিয়া।

জবাবে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ১৬.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নেয়। দলের ওপেনার আদিল চৌধুরী ৫৫ বল খেলে অপরাজিত ৫৭ রান করেন। ৬টি চার এবং ৩টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ইমতিয়াজ আলম ১৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার এবং ৩টি ছক্কা মারেন তিনি। কোয়ালিটি ব্লুজের পক্ষে ওসমান গনি ১৮ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। ১টি উইকেট পান আবদুল্লাহ আল সাইদ। প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন বিঝয়ী দলের আদিল চৌধুরী। তার হাতে পুরস্কার তুলে দেন কোয়ালিটি ব্লুজের ম্যানেজার সাজ্জাদুজ্জামান এবং রেলওয়ের কোচ ফারুক হোসেন টিটু।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী জোনের ফাইনালে আজ চট্টগ্রাম ও বান্দরবান মুখোমুখি
পরবর্তী নিবন্ধঈদে রাব্বিকীনের কথায় আসিফ আকবরের ‘ভুল’