চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে জলাবদ্ধতার অভিশাপ থেকে স্থায়ীভাবে মুক্ত করতে আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই প্রয়োজনীয় কাজ অনতিবিলম্বে শুরু করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এমপি।
তিনি বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই বর্ষা আসার পর তৎপরতা না দেখিয়ে এখন থেকেই খাল, নালা ও ড্রেন পরিষ্কার, পুনঃখনন, সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নিতে হবে।
এরশাদ উল্লাহ বলেন, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। খাল ও নালা দখল–দূষণমুক্ত রাখার পাশাপাশি পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করতে হবে। জনগণের অর্থে নেওয়া প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করা জরুরি। তিনি বলেন, চট্টগ্রামবাসী একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরী প্রত্যাশা করে। আগামী বর্ষা মৌসুমের আগেই দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতাধীন চান্দগাঁওয়ে জলবদ্ধতার স্থানগুলো সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি প্রকল্প চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব আশরাফুল আমিন, প্রজেক্ট ডাইরেক্টর জসীম উদ্দীন, সহকারী পিডিএক্সিয়েন্ট মো. আশিক, সহকারী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, শাফকাত আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












