আকবর ৭ গ্রুপ ক্রিকেটের সেমিতে জেসিটিএ ও সানরাইজ একাডেমি

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি (জেসিটিএ) এবং সানরাইজ ক্রিকেট একাডেমি। আগামী ৩০ নভেম্বর প্রথম সেমিফাইনাল খেলায় এই দুই দল–জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি এবং সানরাইজ ক্রিকেট একাডেমি পরস্পরের মখোমুখি হবে। গতকাল ২৭ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ৫ উইকেটের ব্যবধানে মিলেনিয়াম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রাঞ্জল দাস ৫৪, রায়হান উদ্দিন অপরাজিত ৪৮ এবং নিলয় নন্দী ১২ রান করেন। জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির গাজী আব্দুস সায়েম ২৩ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। এছাড়া খুরশেদ আলম, মিরাজুল সামির এবং চৌধুরী সুমন প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সাদমান মাহিন ৪৫, গাজী আব্দুস সায়েম অপরাজিত ২৩, তানজির মো. মিসবাহ ২১, হাবিব খান অপরাজিত ২০ এবং অর্জুন চৌধুরী ১৫ রান যোগ করেন। মিলেনিয়াম ক্রিকেট একাডেমির বোলার রায়হান উদ্দিন ২টি, নিলয় নন্দী এবং মো. মিসবাহ প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির গাজী আব্দুস সায়েমের (অপরাজিত ২৩ রান ও ৪ উইকেট) হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের স্পন্সর স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ফজলে দাইয়ান।

একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় সানরাইজ ক্রিকেট একাডেমি ৭ উইকেটের ব্যবধানে চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্সকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স ১৫.৫ ওভারে ৬৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে অধিনায়ক মেহেরাব খান ১৬, মো. মুবাশ্বির হুদা ১৩, ইয়াহিয়া মাহির ১০ রান করেন। সানরাইজ ক্রিকেট একাডেমির হাবিবুল ইসলাম ২৪ রান এবং মো. মহিউদ্দিন সোহাগ ১১ রান দিয়ে ৩টি করে উইকেট তুলে নেন। এছাড়া রাহাদুল আমিন ২টি, মেহেরাজ হোসেন এবং মুসলিম উদ্দিন ১টি করে উইকেট লাভ করেন। জবাবে ৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজ ক্রিকেট একাডেমি ১১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭০ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে মুসলিম উদ্দিন ৩০ রান করেন। এ ছাড়া হাবিবুল ইসলাম ১০ এবং অধিনায়ক মো. মাহির শাহরিয়ার প্রিয়ম ৯ রান করে অপরাজিত থাকেন। চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্সের বোলার মেহেরাজ খান ২টি এবং হৃদওয়ান হৃদয় ১টি উইকেট নেন। ম্যাচ সেরা সানরাইজ ক্রিকেট একাডেমির হাবিবুল ইসলামের (অপরাজিত ১০ রান ও ৩ উইকেট)। হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক কাজী মনসুর উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধগোপালঘাটা উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধএবার ডেঙ্গুতে আক্রান্ত পেসার নাহিদ রানা